পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থা সহজ করতে পানপট্টি-কুড়ালিয়া হয়ে আগুনমুখা নদীপথে দ্রুত ফেরি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গুরুত্বপূর্ণ এ নৌপথে ফেরি না থাকায় প্রতিদিন যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহন, পণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয়দের দাবি, রাঙ্গাবালীর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ করতে এ নৌপথে দ্রুত ফেরি সার্ভিস চালু করা প্রয়োজন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মোশাররফের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত ফেরি চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রাঙ্গাবালীর মানুষের প্রত্যাশা—দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নৌপথে ফেরি সার্ভিস চালু হবে এবং যোগাযোগব্যবস্থার দুর্ভোগ থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
আসাদুজ্জামান কাজল
রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি
