ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার চালা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার বাসিন্দা। তিনি হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি কৃষিকাজ করতেন এবং কৃষিজমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে তালগাছের নিচে পড়ে থাকা তাল কুড়াতে যাওয়ার কথা ছিল আব্দুল মালেকের। বুধবার সকালে তাঁর ছেলে সুজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে তাঁর বাবার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন।
নিহতের ভাতিজা মো. আকরাম বলেন, ‘আমার চাচা দুই দিন আগে তাল কুড়াতে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজছিলেন। আজ সকালে তাঁর ছেলে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আশিকুর রহমান শ্রাবন
