সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধাবশেষ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনায় বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার ইদলিবের সারমাদা শহরের কাছে ওই অস্থায়ী সংরক্ষণাগারে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ও তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে মন্ত্রণালয়ের বিভিন্ন দল।ইদলিব স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া অফিসের পরিচালক সুবহি আসাফ প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও মাঝারি ধরনের।
বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে বা নিখোঁজ রয়েছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকারী দল কাজ করছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দিয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।
এদিকে বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণকারী দল।
উত্তর ইদলিবে অবস্থিত সারমাদা অঞ্চলটির অন্যতম গুরুত্বপূর্ণ জনবহুল ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।
