খাগড়াছড়ি সদর উপজেলার থলিপাড়ায় সুস্বাস্থ্য, পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে যৌথভাবে উঠান বৈঠক ও রান্না প্রদর্শনী পরিদর্শন করা হয়। কর্মসূচি দুটি পৃথকভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
থলিপাড়ার কার্বারী মুলকচান ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুমতি বিকাশ চাকমা। এ সময় জাবারাং কল্যাণ সমিতির খাগড়াছড়ি সদর উপজেলা কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরাসহ স্থানীয় নারী ও বিভিন্ন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতকরণ এবং সুস্বাস্থ্য বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে।
রান্না প্রদর্শনীতে মাংস, কলিজা, সয়াবিন ও শিমের বিচিসহ সহজলভ্য বিভিন্ন পুষ্টিকর খাবার তৈরির পদ্ধতি ও পুষ্টিগুণ তুলে ধরা হয়। একই সঙ্গে এসব খাবার দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অংশগ্রহণকারীদের পরামর্শ দেওয়া হয়।
এ সময় শিশু ও মায়েদের জন্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও ভাতা কর্মসূচি এবং সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে স্থানীয়দের অবহিত করা হয়। এসব সরকারি সুবিধা গ্রহণে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. তনয় তালুকদার স্থানীয় এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
অজয় সেন ত্রিপুরা
খাগড়াছড়ি
