আজিজুর রহমান শাহীন পানছড়ি প্রতিনিধি:
একদিকে হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু রোগী, অন্যদিকে হাসপাতালের নাকের ডগায় বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ! এমন অভিযোগের সত্যতা পেয়ে খাগড়াছড়ির পানছড়িতে ‘জনপ্রিয় ফার্মেসি’তে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পানছড়ি বাজারের আরও একটি ফার্মেসিকে জরিমানা করায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত জনপ্রিয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় অভিযোগের সত্যতা মেলে। পরে ফার্মেসির স্বত্বাধিকারী লিটন সরকারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
এ সময় ইউএনও ফারহানা নাসরিন বলেন, রোগী ও তাদের স্বজনদের জীবন নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরে পানছড়ি বাজারের বিভিন্ন ফার্মেসিতেও অভিযান ও তদারকি চালানো হয়। এ সময় অনিয়মের দায়ে আরও একটি ফার্মেসিকে জরিমানা করা হয়। দুই ফার্মেসির কাছ থেকে সব মিলিয়ে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, হাসপাতালের আশপাশের ফার্মেসিগুলোতে ওষুধ বিক্রির ক্ষেত্রে নিয়মিত তদারকি ও অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান নিশ্চিত করা জরুরি। এতে রোগী ও তাদের স্বজনদের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।