মোঃ রুবেল হোসেন
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযান চালিয়ে রেকটি হোমিও সিরাপ ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বগা ও কালিশুরী এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বগা ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন খানের ছেলে মো. মজিবর রহমান খান (৫৪) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় মজিবর রহমানের কাছ থেকে চার বোতল রেকটি হোমিও সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
অন্যদিকে, একই দিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বাউফল থানার এসআই সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কালিশুরী ইউনিয়নের মোল্লা বাড়ির দরজার সামনে অভিযান চালায়। এ সময় মো. রুবেল হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, রুবেল কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুল হাওলাদারের ছেলে। আটকের পর তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নং-১৬, জিআর-৩২৮, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।