লেবাননের কয়েকটি শহর ও এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলার পাশাপাশি খিয়াম ও নবাতিয়েহ এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, টায়ার শহরের দক্ষিণে আল-মানসুরি শহর ও আশপাশের এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে মাজদাল জুনের দিকে যাওয়ার এলাকাতেও।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কানতারা শহরের আশপাশেও ইসরায়েলি বিমান হামলার খবর জানিয়েছে এনএনএ। এ ছাড়া নবাতিয়েহ আল-ফাওকার ওপরও হামলা হয়েছে।এদিকে খিয়ামের পূর্বদিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই এলাকায় হিজবুল্লাহর ব্যবহৃত কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে নবাতিয়েহ আল-ফাওকার কাছে আলি তাহের পাহাড়েও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর ফলে দক্ষিণ লেবাননে মার্চে ইসরায়েলি দখল শুরুর পর থেকে রেকর্ড হওয়া সবচেয়ে বড় বিস্ফোরণগুলোর একটি ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
