হরমুজ প্রণালির কাছে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়ার চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে। ইউরোপীয় কোপার্নিকাস প্রোগ্রামের প্রকাশিত ছবিতে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পানির ওপর বাদামি রঙের দীর্ঘ রেখা দেখা গেছে।
শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে ছবিটি সংযুক্ত করা হয়।
এর আগে বুধবার তোলা ওই স্যাটেলাইট ছবিতে হরমুজ প্রণালির পূর্বদিকে সাগরের পানিতে বেশ কিছু বাদামি রেখা দেখা যায়। পরদিন বৃহস্পতিবার একই এলাকার আরেকটি ছবিতেও প্রায় একই দৈর্ঘ্যের আঁকাবাঁকা রেখা দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপি বিশেষজ্ঞদের সহায়তায় স্যাটেলাইটের এসব ছবি বিশ্লেষণ করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, পানির ওপর দেখা এসব রেখা তেলের স্তর বা ‘অয়েল স্লিক’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ থাকা কয়েকটি তেলবাহী ট্যাংকার আক্রান্ত হওয়ার পর হরমুজ প্রণালির কাছে এই তেল ছড়িয়ে পড়ার চিত্র সামনে এসেছে।
স্যাটেলাইটের ছবিতে দেখা তেলের স্তরগুলোর সঙ্গে ওই হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা অবশ্য এএফপির বিশ্লেষণে নিশ্চিত করা হয়নি। তবে ঘটনাটি হরমুজ প্রণালির আশপাশের সামুদ্রিক পরিবেশ ও গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
