বুলগেরিয়ায় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইএমসিওর একটি স্থাপনায় এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটেছে। শনিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে গোলাবারুদ সংরক্ষণকেন্দ্রে আগুন লাগার পর একাধিক বিস্ফোরণ ঘটে। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।
ইএমসিও জানিয়েছে, ওই স্থাপনায় গোলাবারুদ ও গানপাউডার সংরক্ষিত ছিল। তবে বিস্ফোরণে কেউ নিহত বা আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সেখানে কত পরিমাণ গোলাবারুদ মজুত ছিল, তাৎক্ষণিকভাবে তা-ও জানানো হয়নি।
এর আগে গত ১০ আগস্ট ত্রিয়াভনার বাইরে বেলিৎসার কাছে ইএমসিওর আরেকটি গোলাবারুদ স্থাপনায় আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সে সময় বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরদঝিয়েভ জানিয়েছিলেন, ঘটনায় বিদেশি হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গত ৮ সেপ্টেম্বর ওই বিস্ফোরণস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়। সামরিক দল সেখানে ৬০টি অবিস্ফোরিত গোলাবারুদ এবং প্রায় দুই টন ধাতব ধ্বংসাবশেষ উদ্ধার করে।
২০২৪ সালে ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে বুলগেরিয়ার অস্ত্র স্থাপনায় চারটি বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় রুশ নাগরিকের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির কৌঁসুলিরা। এর মধ্যে ইএমসিওর একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনাও ছিল।
তদন্তকারীদের দাবি, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কিছু গোলাবারুদ ইউক্রেন ও জর্জিয়ার জন্য নির্ধারিত ছিল। তবে মস্কো এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
