ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মোবারক আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারগিস আক্তার নামে এক নারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুর এলাকা থেকে দ্রুতগতিতে আসা একটি সুজুকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত নারগিস আক্তারকে ধাক্কা দেয়। একই সময়ে মোটরসাইকেলটি উল্টে গিয়ে চালক মোবারক আলীও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু সেখানে নেওয়ার পথেই মোটরসাইকেলচালক মোবারক আলীর মৃত্যু হয়।
নিহত মোবারক আলী হরিপুর উপজেলার কামারপুকুর নন্দগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে আহত নারগিস আক্তার পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামের রাব্বুলের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জমরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মোবারক আলীর মৃত্যু ও নারগিস আক্তারের গুরুতর আহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
তরুণ এই যুবকের মর্মান্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাগর হোসেন ফিরোজ
ঠাকুরগাঁও প্রতিনিধি
