আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে ১৮ নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, হোটেল দুটিতে অসামাজিক কার্যকলাপ চলছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটক ১৮ জনকে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, চৌমুহনী বাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একজন পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়। পরে শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবির আরেকটি দল। সেখান থেকে পাঁচ পুরুষ ও সাত নারীকে আটক করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
তবে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযোগকে অভিযোগ হিসেবেই উল্লেখ করা হলো।