বিটিভির সাদাকালো যুগ থেকে শুরু করে আজকের আধুনিক প্রযুক্তিনির্ভর সময়ে এসে তিনি চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনচিত্রে সমানভাবে জনপ্রিয়, শ্রদ্ধেয় এবং দর্শকনন্দিত একজন অভিনয়শিল্পী।
পাকিস্তান সেনাবাহিনীর সাবেক কমিশন্ড অফিসার উৎপল শুধু শক্তিমান অভিনেতা হিসেবেই নন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ। তিনি একাধারে গায়ক, যন্ত্রশিল্পী, বংশীবাদক, কবি, লেখক ও সমাজসেবক।
তাঁর রচিত "ফিরে দেখা" বইটি পাঠকের মনে অনন্য আবেদন সৃষ্টি করে। ভাষার ব্যঞ্জনা ও মুগ্ধকর স্মৃতিচারণায় এটি সংগ্রহযোগ্য এক গ্রন্থ।
সমাজ ও পরিবেশ রক্ষায়ও তিনি ছিলেন সোচ্চার। উত্তরা ১৩ নং সেক্টরের লেক পার্ক যেন আবাসিক প্লটে পরিণত না হয়, সেই আন্দোলনে তিনি ও তাঁর সতীর্থরা অগ্রণী ভূমিকা পালন করেন। আজকের মনোরম লেক পার্ক তাঁদের সেই ত্যাগ ও সংগ্রামেরই ফসল।
উল্লেখযোগ্য চলচ্চিত্র: আঞ্জুমান, গুন্ডা পুলিশ, সত্যের সংগ্রাম, লালন, বৃষ্টি ভেজা আকাশ, মেঘের কোলে রোদ, গহীনে শব্দ, দুই পুরুষ, এই তো প্রেম, মনে রেখো প্রভৃতি।
দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে তিনি টেলিভিশন নাটক ও অন্যান্য মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য অভিনেতা হিসেবে।
অবসরে পুরনো বাংলা গান শুনতে ভালোবাসেন তিনি, যা তাঁকে আচ্ছন্ন করে এক নস্টালজিয়ায়। পাশাপাশি নিজের লেখা নিয়েও সময় কাটান।
বর্তমানে বহুমাত্রিক এই গুণী ব্যক্তিত্ব সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নর্থ বার্গেনে বসবাস করছেন।
উৎপল মানে পদ্ম বা কুমুদ — যেমন পদ্মের সৌন্দর্য সমাজকে মোহিত করে, তেমনি কাজী খুরশীদুজ্জামান উৎপল তাঁর প্রতিভা, মানবিকতা ও কর্মপ্রয়াস দিয়ে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
বরেণ্য অভিনয়শিল্পী কাজী খুরশীদুজ্জামান উৎপল-এর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ, দীর্ঘায়ু ও পরিপূর্ণ জীবন কামনা করি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা