হোসেনপুরে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যাতে ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত কল্যাণে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তথ্য যাচাই ও এআই ব্যবহারে গুরুত্বারোপ
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সংবাদমাধ্যমে তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায় সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা অপরিহার্য।
তাঁরা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার সংবাদ পরিবেশনকে আরও গতিশীল ও আকর্ষণীয় করে তুলতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন সাংবাদিকতার মৌলিক নীতি—সত্যতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা ক্ষুণ্ন না করে, সেদিকে সতর্ক থাকতে হবে।
৩৭ সাংবাদিক পেলেন প্রশিক্ষণ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় হোসেনপুর, পাকুন্দিয়াসহ তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, প্রশিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।
এ সময় হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান চন্দন, সিনিয়র সহসভাপতি মানসুরুল হক রবিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন।
প্রতিবেদন: বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর, কিশোরগঞ্জ।