ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে হুতি। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের পাহাড়ে রাডার বসাচ্ছে তারা। পাশাপাশি সেখানে নতুন সামরিক অবস্থান তৈরি করছে।এ সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিশেষজ্ঞদের ইয়েমেনের মোখা ও বাব আল-মান্দাব এলাকায় যাওয়ার খবর পাওয়া গেছে।ইয়েমেনের সামরিক সূত্রগুলো শনিবার জানিয়েছে, পশ্চিম উপকূলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর হুতি পাহাড়ি এলাকায় রাডার বসানো শুরু করেছে। এসব পাহাড় থেকে দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দাব এলাকার ওপর নজর রাখা যায়।হুতি লোহিত সাগরের জুকার দ্বীপেও নতুন সামরিক অবস্থান তৈরি করছে বলে জানিয়েছে সূত্রগুলো।ইয়েমেনি সূত্রের দাবি, হুতি ওই এলাকাগুলো দখলের পর ইরানের চারজন বিশেষজ্ঞ সেখানে যান।
তারা মোখা বন্দর ও বিমানবন্দর এবং বাব আল-মান্দাব এলাকা পরিদর্শন করেন।সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানি বিশেষজ্ঞরা হুতির ক্ষেপণাস্ত্র বাহিনীর কয়েকজন সামরিক কমান্ডারের সঙ্গে বৈঠক করেন।এদিকে ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইও চলছে। শুক্রবার হুতির দখলে যাওয়া কয়েকটি অবস্থান পুনরায় দখলে নেয় সরকারি বাহিনী ও উপজাতীয় যোদ্ধারা।আল-ওয়াজিয়াহ, আল-মুধারাবাহ ও রাস আল-আরাহ এলাকার সীমান্তে এসব লড়াই হয়েছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় জায়ান্টস বাহিনীর অতিরিক্ত সদস্য সেখানে পৌঁছানোর পর আবারও সংঘর্ষ শুরু হয়।ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে, সংঘর্ষে দুই পক্ষেরই হতাহত হয়েছে। তবে নিহত ও আহতদের বেশিরভাগই হুতির সদস্য বলে দাবি করা হয়েছে।বাব আল-মান্দাবের কাছে কাহবুব পাহাড়েও তীব্র লড়াই চলছে। সরকারি বাহিনী ও উপজাতীয় যোদ্ধাদের সঙ্গে সেখানে হুতির সংঘর্ষ হচ্ছে। হুতি ওই দুর্গম পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণে নিতে চাইছে বলে ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে। সেখানে সামরিক অবস্থান তৈরি করে ভবিষ্যতে সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়াই তাদের লক্ষ্য বলে দাবি করা হচ্ছে।
