ছোটবেলায় মাকে হারানো, অতঃপর সৎ মায়ের কাছে ভালোবাসা-স্নেহের কাঙাল হয়ে বেঁচে থাকা; মাতৃস্নেহের জন্য জীবনের বড় ত্যাগস্বীকার। এমনই এক সন্তানের গল্পে নির্মিত নাটক ‘আপন পর’। প্রকাশের পর থেকে যেটা দর্শকের বিপুল সাড়া পাচ্ছে।
১৫ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে রুবেল হাসানের নাটকটি। রচনা মেসবাহ উদ্দিন সুমন। এরই মধ্যে নাটকটির ভিউ ছাড়িয়েছে ৮৬ লাখ। ৮০ হাজারের বেশি মানুষ এতে লাইক দিয়েছে, মন্তব্যের সংখ্যাও প্রায় সাড়ে তিন হাজার। অধিকাংশ মন্তব্যেই দর্শক বলছেন, নাটোকটি দেখে তারা আবেগাপ্লুত। অনেকে কেঁদেও ফেলেছেন বলে জানিয়েছেন।
নাটকে দেখা যায়, ছেলেবেলা থেকে তীব্র মাতৃস্নেহের অভাব বোধ করে রিফাত। অগত্যা সৎমায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই বেড়েই চলে তার মনে। ছোটবেলা থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কখনো মায়ের ‘আপন’ ছেলের মতো সমাদর পায়নি, যা তাকে মানসিকভাবে নিঃস্ব করে রাখে। অতঃপর মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে সে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে। যা দর্শককে আপ্লুত করছে।
নাটকে রিফাতের চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তৌসিফ মাহবুব। মায়ের ভূমিকায় আছেন বিজরী বরকতউল্লাহ। দীর্ঘদিন পর এই কৃতি অভিনেত্রীকে পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্ত ও অনুরাগীরা। নাটকে তৌসিফের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান।
‘আপন পর’ নাটকে ব্যবহৃত হয়েছে ‘আদরে আস্তিন’ শিরোনামের একটি গান। মাহবুব রহমানের কথা ও মার্সেলের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা