বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
যশ রাজ ফিল্মসের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানাচ্ছে। এই কঠিন সময়ে পরিবারের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময় মেয়ের সঙ্গে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেছে। মায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা রানি মুখার্জিও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা