নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে তিনি আহত শ্রমিক শ্রী রতন কুমারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বুলবুল বলেন, বাসুদেবপুর নির্মাণ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল একজন অসহায়, অসুস্থ শ্রমিকের মাঝে বাসুদেবপুর ইমারত শ্রমিক দলের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। রতন দাসকে এই আর্থিক অনুদানের টাকা তার হাতে আমরা তুলে দিয়েছি। আগামীতে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় হুইপ মহোদয় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের মাধ্যমে তাঁর কাছ থেকেও আমরা রতন দাসকে আগামীতে পুনর্বাসন করার জন্য যা যা করণীয়, আগামীতে ইনশাআল্লাহ্ আমরা আর্থিক অনুদানের ব্যবস্থা করবো। রতন দ্রুত সুস্থ হয়ে আমাদের শ্রমিকদের মাঝে আবার এসে শ্রমিকের সঙ্গে মিলেমিশে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করছি, দোয়া করি রতন দাস যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
এ সময় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলম শাহ, সহ-সভাপতি মোঃ সোনা উদ্দিনসহ বাসুদেবপুর শ্রমিক ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা
