তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ের বাইরে গুলিবর্ষণে অন্তত ১১ জন আহত হয়েছেন। পুলিশ এক ১৫ বছর বয়সী কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইনসি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আহতদের সবাই শিক্ষার্থী বলে জানা গেছে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।
দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, সন্দেহভাজনের মা, বাবা এবং দাদাকেও আটক করা হয়েছে। দাদার কাছে অস্ত্রটি ছিল বলে জানা গেছে।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি খালি রাস্তায় হেঁটে যাচ্ছেন এবং শটগান পরীক্ষা করছেন। পরে তিনি অস্ত্র হাতে দৌড়ে পালিয়ে যান। তিনি ওই স্কুলেরই শিক্ষার্থী বলে জানা গেছে।হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তুরস্কের আইন অনুযায়ী কিশোরটিকে আদালতে হাজির করার পরই আনুষ্ঠানিক গ্রেপ্তার করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় পুরো জাতি এবং বিশেষ করে শিক্ষা পরিবার গভীরভাবে মর্মাহত। মানিসায় তদন্তের জন্য তিনজন জাতীয় তদন্তকারী পাঠানো হয়েছে।এটি চলতি বছরে তুরস্কে তৃতীয় স্কুল গুলিবর্ষণের ঘটনা। গত এপ্রিলে দুটি স্কুলে প্রাণঘাতী গুলিবর্ষণের পর দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
