ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার আড়াইবাড়ি সাঈদিয়া ইসলামিয়া কামিল মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে স্বাধীনতা চত্বরে উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট ইয়াকুব আলী আনসারী, কায়েমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোখলেছুর রহমান, এডভোকেট রাকিবুল ইসলাম, আপেল মাহমুদ, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদলের ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। পলাতক আছেন, পলাতকই থাকেন। চুপচাপ থাকেন আমরা কোনো ক্ষতি করবো না। আপনাদের নেত্রী পালিয়ে গেছে। আর আসবেনা। পৃথিবীতে কেনো ফ্যাসিস্ট পালিয়ে গিয়ে আর ফিরে আসার রেকর্ড নেই। সুতরাং মাথাচাড়া দেয়ার চেষ্টা করলে অস্তিত্ব থাকবেনা। বিগত ১৭ বছর আমরা অত্যাচার সহ্য করেছি, হামলা- মামলা সহ্য করেছি। আপনারা এখনো অনেক নিরাপদে আছেন। কসবা উপজেলায় আবারও রাজনীতি করার চিন্তা ভাবনা মন থেকে মুছে ফেলুন।
শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম
