জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সব অঞ্চলের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংস্কারের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বিলুপ্ত করারও দাবি জানিয়েছেন তিনি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে সানচেজ বলেন, বিশ্বের সব অঞ্চলের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। পাশাপাশি স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার অধিকারও বিলুপ্ত করা উচিত।
তিনি বলেন, জাতিসংঘ সনদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো দেশই নিজের বিষয়ে বিচারকের ভূমিকা পালন করতে পারে না, সে দেশ যত শক্তিশালীই হোক।সানচেজ সতর্ক করে বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি হিসেবে থাকা বিভিন্ন নীতি ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। শান্তি, টেকসই উন্নয়ন ও সমান সুযোগের মতো বিষয়গুলোকে রাজনৈতিক নেতা ও সরকারগুলো আক্রমণের মুখে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।বিশ্বকে আবার একটি ‘অন্ধকার অতীতে’ ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করে সানচেজ বলেন, কারা এসব করছে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। সবাই জানে কারা এর সঙ্গে জড়িত এবং তারা কীভাবে কাজ করে।
বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে স্পেনের অবস্থান তুলে ধরে সানচেজ বলেন, জাতিসংঘ সনদের পরিপন্থি কর্মকাণ্ডের বিরোধিতা করতে যা সম্ভব তাই করছে মাদ্রিদ। এর উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ইসরায়েল সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন।
গাজা পরিস্থিতি নিয়েও স্পেনের অবস্থান পুনর্ব্যক্ত করেন সানচেজ। তিনি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে স্পেন ‘দ্ব্যর্থহীনভাবে’ নিন্দা জানিয়ে আসছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাওয়ার অভিযোগ করেন।সানচেজ আরও বলেন, বৈশ্বিক পরস্পরনির্ভরতা মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাই সবচেয়ে কার্যকর পথ। এজন্য জাতিসংঘের ওপর নতুন করে আস্থা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক এই সংস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
