ফরিদপুরের মধুখালী উপজেলায় শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই।
বৃহস্পতিবার
(২৪ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট সুপারভাইজারদের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা বলেন, প্রকৃত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবাটি পৌঁছে দিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্য যাতে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে দায়িত্বশীলদের নজর রাখতে হবে।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার মো. রেদোয়ান আবেদীন, মো. মাসুম পারভেজ, অমিত কুমার জোয়াদ্দার, শেখ সজল, মো. হাসিব শেখ, মো. সবুজ শেখ, মেহেদী হাসান রানা, মো. আরফান উদ্দীন ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভা শেষে সুপারভাইজারদের নির্ধারিত এলাকা বণ্টন করে দেওয়া হয়।
পাশাপাশি অবিলম্বে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর