বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ এলাকায় তবিবুর রহমান তবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষিজমির ওপর রাস্তা তৈরি এবং কৃষিজমি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালানো হলেও সে সময় ভয়ে অনেকেই প্রতিবাদ করতে পারেননি।
স্থানীয়দের জানান, কৃষিজমি থেকে বালু উত্তোলনের কারণে জমির ভেড়ি ও সীমানা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ বিঘা জমিতে বালু জমিয়ে রাখায় ওই জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি তাঁদের।
স্বরূপদাহ গ্রামের বাসিন্দা শাহাজান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকের জমি থেকে বালু তোলা হয়। বালুর একটি অংশ বিক্রি করা হলেও এখনো কৃষিজমিতে বিপুল পরিমাণ বালু পড়ে আছে। ফলে সেখানে ধানসহ অন্যান্য ফসলের চাষ করা যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমির স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি জমির সীমানা ও স্থানীয় সড়কও ঝুঁকির মধ্যে পড়েছে। তাঁরা অভিযোগের বিষয়টি তদন্ত করে কৃষিজমি ও সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তবিবুর রহমান তবিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।