জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরাঞ্চলে তালগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে ফরিদপুর জেলা পরিষদ। এই কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতা করছে পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর।
ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরগোপালপুর ও চরকল্যানপুর মোল্লাডাঙ্গী স্থানীয় জনগণের মধ্যে ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং ৬০০টি তালবীজ রোপণ করা হয়।
চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদুরুজ্জামান বদু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য নাজমুল হাসান, মো. জহিরুল ইসলাম, ইরা নাহার দিপা, লিয়াকত আলী, জাহিদ হোসেন, মামুনুর রশিদ বাবু, ফজলুল রহমান খান, ফারুক মেম্বার, কুদ্দুস ও ইয়াসিনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে।
উক্ত কর্মসুচির অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ প্রাথমিকভাবে পদ্মা নদীবেষ্টিত তিনটি উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, প্রতি বছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে। চরাঞ্চলের মানুষও বজ্রপাতের ঝুঁকিতে রয়েছেন। তাই চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণ করা হচ্ছে।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি করে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর