পিরোজপুরে ডেঙ্গুর বিস্তার রোধ ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচির অংশ হিসেবে শহরজুড়ে মশা নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর শহরের দোকানপাট, কাঁচাবাজার, মাছের বাজার,মুদি বাজারসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা এ অভিযানে অংশ নেন।
অভিযানকালে বাজার ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র ধ্বংস করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়—যেন কোথাও পানি জমে না থাকে এবং পাত্র, ফুলের টব বা ট্যাংক নিয়মিত পরিষ্কার রাখা হয়।
পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন,
"পিরোজপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতি এককভাবে কারো পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছি। আজ প্রথম দিনে আমরা বাজার এলাকায় ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা চালিয়েছি। পৌরবাসীর প্রতি আহ্বান—কোথাও পানি জমতে দেবেন না, নিজের আঙিনা নিজেই পরিষ্কার রাখুন।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসান,সদস্য গাজী কামরুজ্জামান শুভ্রসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহিন ফকির,
জেলা প্রতিনিধি, পিরোজপুর
