নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র হারিছ চৌধুরী বাজারের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় হারিছ চৌধুরী বাজারের সেক্রেটারি নুর উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বাজারের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। বাজারের অবকাঠামোগত উন্নয়নসহ ব্যবসায়ী ও ক্রেতাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, হারিছ চৌধুরী বাজার সুবর্ণচরের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র। বাজারের উন্নয়ন হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে সহযোগিতা করা হবে।
বাজারের সেক্রেটারি নুর উদ্দিন বলেন, বাজারের উন্নয়নকাজ শুরু হওয়ায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি এসেছে। কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে বাজারের পরিবেশ ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হারিছ চৌধুরী বাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও ব্যবসায়িক কাজে আসেন। উন্নয়নকাজ শেষ হলে বাজারের ব্যবসায়িক পরিবেশ ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা বাড়বে বলে তাঁরা আশা করছেন।
আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
