মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলার গুলসাছড়ির দরিদ্র মেধাবী শিক্ষার্থী বিথী চাকমার একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল অর্থাভাবে। পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাস করেও উচ্চমাধ্যমিকে ভর্তি হতে পারছিলেন না তিনি। এমন পরিস্থিতিতে বিথীর পাশে দাঁড়িয়েছেন নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ।জানা গেছে, বিথী চাকমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে তার মা নানা কষ্টের মধ্যে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ বহন করে আসছেন। সম্প্রতি বিথী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সময় প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ বিথীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি বিথীর একাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।সাইফুল ইসলাম সাইফের এই সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিথীর মা। মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সহযোগিতার জন্য সাইফুল ইসলাম সাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিথীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, আর্থিক সংকটের কারণে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিথীর শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পথ সহজ হয়েছে।