সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চ্যানেল আই-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পিরোজপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম (সেবা)।তিনি তার বক্তব্যে বলেন, "স্বাভাবিক চোখে সাংবাদিকতা বলতে আমরা দুর্ঘটনা বা অপরাধমূলক খবরগুলোই বেশি দেখি এবং এগুলোই আমাদের নজর কাড়ে বেশি। তবে এর বাইরে উন্নয়ন ও উৎপাদনশীলতার যে গঠনমূলক সাংবাদিকতা, তা শুধু তথ্য পরিবেশনই নয়—মানুষের বিনোদনেরও বড় একটি অংশ। চ্যানেল আই এই ধারার সাংবাদিকতার পথিকৃৎ। তাদের দেখানো পথ অনুসরণ করেই পরবর্তীতে অন্যান্য চ্যানেলগুলো উন্নয়ন ও উৎপাদনশীলতার সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়েছে।"
তিনি আরও বলেন, "চ্যানেল আই-এর বেশ কিছু উদ্ভাবনী ও মননশীল অনুষ্ঠান রয়েছে, যা তাদের অন্যান্য চ্যানেল থেকে এক অনন্য স্বকীয়তা ও স্বতন্ত্র পরিচয় দিয়েছে। বর্তমান যুগে গণমাধ্যমের যে সুস্থ প্রতিযোগিতা চলছে, সেখানে যে চ্যানেল যত বেশি আধুনিক ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দিতে পারবে, তারা তত বেশি দর্শকপ্রিয়তা পাবে। প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে গিয়ে চ্যানেল আই শুভানুধ্যায়ী ও দর্শকদের হৃদয় জয় করে চলেছে।"
ভবিষ্যতেও সৃজনশীল কাজ ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে চ্যানেল আই তাদের জনপ্রিয়তার এ ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা পুলিশ প্রধান। একই সাথে তিনি চ্যানেল আই-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ লায়ন শেখ রফিকুল ইসলাম,পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম,পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এবং চ্যানেল আই ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে এছাড়া পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ,স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা চ্যানেল আই-এর বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও মুক্তিযুদ্ধের চেতনা ও সত্য প্রকাশের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে এক প্রীতি কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শেষ হয়।
পিরোজপুর প্রতিনিধি:
