মাগুরায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও ভাষা শহীদদের স্মৃতি সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হলো।
এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়; এটি বাঙালির ভাষা আন্দোলন, মুক্তির সংগ্রাম ও সাংস্কৃতিক চেতনার গুরুত্বপূর্ণ প্রতীক। নতুন প্রজন্মের মাঝে ভাষা শহীদদের আত্মত্যাগ ও ইতিহাসের চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অনুষ্ঠিত হয় ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল। ফাইনালকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
একই দিনে মাগুরা জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। এছাড়া মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে মাগুরার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একই সঙ্গে কাবাডি ও ফুটবল আয়োজনকে ঘিরে দিনব্যাপী মাগুরায় ছিল উৎসবমুখর পরিবেশ।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
