পিরোজপুরের কচা নদীতে পরিচালিত এক সফল যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) ভোরে সংঘটিত এই অভিযানে মোট ২২ হাজার ৫৮১ পিস চোরাই শাড়ি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের একটি টহল দল বরগুনার পাথরঘাটা উপজেলার মধ্য চরদোয়ানি ইউনিয়ন সংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রলার দেখে সেটিকে থামার সংকেত দিলে ট্রলারটি দ্রুত সরে পড়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা সেটিকে ধাওয়া করে পিরোজপুরের পুরাতন বেকুটিয়া ফেরিঘাট সংলগ্ন কুমিরমারা এলাকায় কচা নদী থেকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে কোস্ট গার্ড ও পিরোজপুর সদর থানা পুলিশের যৌথ উপস্থিতিতে আটককৃত ট্রলারে (এফবি হাজী পেয়ার, নম্বর: এফ-১১৫৪৯) তল্লাশি চালিয়ে আনুমানিক প্রায় ২৫০টি বস্তায় সংরক্ষিত ২২ হাজার ৫৮১ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারে থাকা চোরাচালানকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামালের গণনা সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, বলেশ্বর নদী থেকে ধাওয়া করে কচা নদী থেকে শাড়িসহ ট্রলারটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের সাথে যৌথ চেষ্টা অব্যাহত রয়েছে।
পিরোজপুর প্রতিনিধি:
