নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের ৪শত একর বিস্তীর্ণ এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসনের নজরদারি এড়িয়ে ও তদারকির অভাবে অবাধে শামুক নিধন চালিয়ে যাচ্ছে,একশ্রেণির অসাধু চক্র। দিন দুপুরেই চলছে এই নিধনযজ্ঞ,যার ফলে বিলের প্রাকৃতিক সম্পদ দিন দিন উজার হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর দেখা দিচ্ছে মারাত্মক হুমকির আশঙ্কা।
সরজমিনে গিয়ে দেখা যায়,দিনের বেলায় মাঝিরা শত শত নৌকায় বাধাই জাল নিয়ে শামুক নিধনে মেতে ওঠে।
সাংবাদিক ও পরিবেশ কর্মী ফজলে রাব্বী জানান,শামুক প্রকৃতির স্বাভাবিক 'ফিল্টার' হিসেবে কাজ করে পানি পরিষ্কার রাখে। বিলে শামুকের সংখ্যা কমে গেলে পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও শ্যাওলার প্রাদুর্ভাব বেড়ে যায়,যা প্রাকৃতিক পানি শোধন প্রক্রিয়াকে ব্যাহত করে।
সাংবাদিক মনিরুল ইসলাম তালুকদার ডাবলু বলেন,শামুকের খোলসে প্রচুর ক্যালসিয়াম ও প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে, যা জলাশয়ের তলদেশের মাটি ও পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এছাড়া দেশীয় মাছ,বক,ডাহুকসহ বিভিন্ন জলচর পাখির প্রধান খাদ্য এই শামুক। এভাবে শামুক বিলুপ্ত হতে থাকলে বিলের সামগ্রিক খাদ্যশৃঙ্খল মারাত্মকভাবে ভেঙে পড়বে।
এনটিভির অনলাইন সাংবাদিক রানা আহম্মেদ বলেন,এ সংকট উত্তরণে উপজেলা প্রশাসনের কয়েকটি জরুরি পদক্ষেপ নেয়া জরুরি। এবিষয়ে নিয়মিত অভিযান ও টহল স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে হালতি বিলে নিয়মিত টহল জোরদার এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। হাঁস ও মাছ খামারিদের জন্য বাজারে সাশ্রয়ী মূল্যে বিকল্প 'রেডিমেড ফিড'-এর সহজলভ্যতা নিশ্চিত করা।
জনসচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় হাট-বাজারে শামুক কেনাবেচা ও পরিবহন বন্ধে মাইকিং করা এবং সাধারণ মানুষ ও খামারিদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো।
এবিষয়ে স্থানীয় বাসিন্দারা অনতিবিলম্বে হালতি বিলে অবৈধ শামুক নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জেলা ও উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী বলেন,শামুক গুলো মাটিতে প্রচুর ক্যালসিয়াম থাকে,শামুক জমিতে থাকলে সেখানে আর ক্যালসিয়ামের প্রয়োজন হয়না। যা ফসলে অনেক উপকারে আসে। এ বিষয়ে স্থানীয় কৃষকদের মাঝে শামুক নিধনের ক্ষতিকর বিষয়গুলো প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, ইতিমধ্যে শামুক নিধানের বিষয়টি আমাদের নজরে এসেছে হালতি বিলের জৈব বৈচিত্র রক্ষায় বিভিন্ন এলাকায় আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
সিরাজুল ইসলাম
নলডাঙ্গা, নাটোর সংবাদদাতা
