সাংবাদিক আনিস আলমগীর এখনও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। পরবর্তীতে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এদিকে, সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ অভিযোগ দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ। বাকি যাদের বিরুদ্ধে করা হয়েছে, তারা হলেন—মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একসঙ্গেই অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশিলতা ও অবকাঠামোকে ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে।
