চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল। এলাকাবাসীর কাছে তিনি ‘দানবীর’ খেতাব পেলেও এবার তার তিন বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈত্রিক সম্পত্তি নিয়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। তবে এমন অভিযোগকে ‘মিথ্যা’ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
অভিনেতা ডিপজলের মতে, একটি মহল তাকে ও তার পরিবারকে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করছে, যেখানে তার বোনদের সামনে রেখে বিষয়গুলো মিডিয়াতে মিথ্যা ছড়ানো হচ্ছে। এমনকি তিনি জানান, তার বোনের ছেলে প্রিন্সও এ মিথ্যা প্রচারণা ও অপপ্রচারে জড়াচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো কখনোই উচিত নয় উল্লেখ করে স্ট্যাটাসে মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, পারিবারিক বিষয়কে প্রকাশ্যে এনে কাদা ছোড়াছুড়ি করা শুধু দুঃখজনক নয়, এটি একজন মানুষ ও একটি পরিবারের সম্মানের ওপর সরাসরি আঘাত। আজ আমি গভীর কষ্ট ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কারণ রক্তের সম্পর্ক নিয়ে, মা–বাবার নাম জড়িয়ে প্রকাশ্যে মিথ্যাচার করা যে কতটা যন্ত্রণাদায়ক—তা শুধু ভুক্তভোগীরাই বোঝে।
