পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুরে নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রভাত মোদক (৩৫) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আহম্মদপুর মিস্ত্রীপাড়ায় নিজ বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মোদক ওই এলাকার বাসিন্দা সত্য চন্দ্র মোদক (লেদু কুড়ি) এর ছেলে। তিনি স্থানীয় কাশীনাথপুর বাজারে ‘দাদাভাই হোটেল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) সুপ্রভাত মোদক কাশীনাথপুর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। পরে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। পুলিশ জানায়, রাত ১২টার দিকে তাঁর মোবাইল ফোন সচল পাওয়া গেলেও কল করলে কেউ তা রিসিভ করেনি। পরে রাত ২টার দিকেও ফোনে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোরে সূর্য ওঠার আগে স্থানীয়রা বাড়ির পেছনের হলুদের ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত শেষে মরদেহটি সনাতনি রীতি অনুযায়ী দাহ্য করা হয়েছে।
আমিনপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি ।
এস এন জামান হাশেমী
সুজানগর উপজেলা প্রতিনিধি
