কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি জব্দ হয়েছে। এ সময় দুই যুবককে আটক করা হয়।
মঙ্গলবার রাতে ওই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। আটক দুজন হলেন—কুমারখালী উপজেলার শালঘর মধুয়া এলাকার হাসেন আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার দুর্বাচরা এলাকার রাহাত আলীর ছেলে আব্দুল্লাহ (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনিসহ ডিবি পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ বলছে, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এসআই রকিব উদ্দিন জনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
ওসি ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আক্তারুল ইসলাম, কুষ্টিয়া।
