নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল প্রস্তুত এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের দায়ে এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে স্থাপিত ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে এ কে বি ব্রিকস ফিল্ডের মালিক মো. আকবর হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ কে বি ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাঁচামাল প্রস্তুতের জন্য কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছিল। পাশাপাশি কৃষিজমি এলাকায় স্থাপন করা হয়েছিল ইটভাটাটি। অভিযানকালে এসব অনিয়মের সত্যতা পাওয়ার পর ভাটা মালিককে জরিমানা করা হয় এবং স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ও সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়, চরজব্বর থানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুবর্ণচর, নোয়াখালীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
