রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল, পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মো. ফারুকসহ মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গ্রেপ্তার মঈন উদ্দিন শাকিল (৩২) রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কাঠালতলী এলাকার বাসিন্দা। পুলিশ তাকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।এছাড়া মাদক কারবারির অভিযোগে মো. ফারুক (৪৮), মো. ইলিয়াস রনি (২৮), মো. নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ ভূট্রো (৫৫) ও তালাশি (৩৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মো. ফারুকের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় পলাতক ছিলেন।অন্যদিকে মাদকসেবনের অভিযোগে মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১) ও বাঁশি চাকমা (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. সাইদুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে আবু তালেব, হাসান সুজন ও নিশানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর গ্রেপ্তারদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রাঙামাটি প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম
