চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক থেকে প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেটের বিশাল চালান জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সিগারেট বহনকারী ডাম্পার ট্রাকটিও।বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহল দল। অভিযানে জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল রাঙ্গুনিয়ার ইকো পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে ডাম্পার ট্রাক থেকে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট উদ্ধার করা হয়। পরে সিগারেটের চালানসহ ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়।অভিযানকালে তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামে দুইজনকে আটক করা হয়। আটক তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। অপর আটক সাহেদুর ইসলাম নয়ন একই উপজেলার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক ব্যবহার করে অবৈধ সিগারেটের চালানটি চট্টগ্রামের দিকে পাচার করা হচ্ছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চোরাচালানের এ চালানটি শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
জব্দ করা অবৈধ সিগারেট, ডাম্পার ট্রাক এবং আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হবে। ভবিষ্যতেও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:
