জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম এবং জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক।
অনুষ্ঠানে বক্তারা কৃতী ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবন ও সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পড়ালেখার পাশাপাশি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। এরপর কৃতী ছাত্রীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
