নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর মো. মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের মেজো ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোন ভেঙে কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন মারুফ। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে বুধবার রাতে বাড়ির পাশের একটি ধানখেতে মারুফের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতাও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মারুফের গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী মিলন জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
মোঃআরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।
