অভিনেতা রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে ভাইয়ের খোঁজখবর না নেওয়ার অভিযোগও উঠেছে বিভিন্ন মহলে। এবার সেই অভিযোগের জবাব দিলেন তার ছোট ভাই ও অভিনেতা কমল পাটেকর। তিনি জানিয়েছেন, প্রচারের জন্য নয়, নীরবে পরিবারের সদস্যরা রিফাতের পাশে রয়েছেন।
রিফাত চৌধুরীকে নিজের আপন বড় ভাই উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও রক্তের সম্পর্ক অটুট। দুই ভাই আলাদা জগতে ও আলাদা সংসারে থাকেন বলেই অনেক সময় এক বছর পর্যন্ত যোগাযোগ হয় না।
তিনি বলেন, ‘রিফাত চৌধুরী আমার আপন বড় ভাই। হাসিও পায়, দুঃখও লাগে একটা জিনিসে মিডিয়াতে অনেক ধরনের অনেক কথা হয়, “তার ভাই আছে খোঁজখবর নেয় না” এই না সেই, বিভিন্নভাবে কথাগুলো বলে। যেহেতু আমি চলচ্চিত্রে অভিনয় করি, সে একটু নাটকের দিকে বেশি ঝুঁকে, এফডিসিতেও আসা-যাওয়া কম হয়। সে থাকে এক জায়গায়, আমি থাকি আরেক জায়গায়, যার যার সংসার নিয়ে আলাদা থাকি। তো অনেক সময় দেখা গেল এক বছরও যোগাযোগ হয় না।’
রিফাতের শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এই অভিনেতার জন্য চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে। তার কোমরে একটি বড় অস্ত্রোপচার প্রয়োজন। এ ছাড়া প্রায় ছয় বছর আগে ভেঙে যাওয়া হাতে লাগানো স্টিলের পাতও এখন চিকিৎসার ক্ষেত্রে জটিলতা তৈরি করছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা