মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) ধারাবাহিক তৎপরতায় হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময় জিডিভুক্ত হওয়া স্যামসাং গ্যালাক্সি এস-২৩সহ ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, সেপ্টেম্বর ২০২৬ মাসে হারানো ও বিভিন্ন সময় জিডিভুক্ত মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পরে যাচাই-বাছাই শেষে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর হারানো মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সাইবার ক্রাইম ইউনিটের তৎপরতায় ১২ জন ভিকটিমকে উদ্ধার করা ছাড়াও হত্যা মামলার দুই আসামি এবং সার কালোবাজারি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ফেসবুকসংক্রান্ত একাধিক জিডি ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সিসিআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
