হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযান চালিয়ে একটি বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আসমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের নুর ইসলামের ছেলে আসমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আসমানের বসতবাড়িতে একটি গাঁজার গাছ রয়েছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমান গাঁজার গাছটি প্রায় এক বছর ধরে গোপনে লালন-পালন করার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, “গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"