পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গলাচিপা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের আলোকে পূজামণ্ডপের চারপাশ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। পূজামণ্ডপের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে আয়োজক কমিটি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি এবং জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সদস্যসচিব সুখরঞ্জন বণিক, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কালীবাড়ি কমিটির সদস্য তাপস দত্ত, পূজা উদযাপন কমিটির সদস্য পংকজ দেবনাথ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় দুর্গাপূজা উদ্যাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার, পূজামণ্ডপের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে প্রশাসনের পাশাপাশি আয়োজক কমিটি ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মোঃ রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী।