চলমান নানা আলোচনা-সমালোচনার মধ্যে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আড়ালে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন ফারুকী। তার মতে, বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত রাখার আড়ালে অন্য কোনো পক্ষ নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে তৎপর থাকতে পারে।
স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।’
গত কয়েক সপ্তাহে সাবেক সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভেতরে কয়েকটি গ্রেফতারের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছু অনুমান করা সম্ভব। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দিয়ে শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরও দুজনকে যুক্ত করার কাজটি কারা করিয়েছে, তা খুঁজে দেখার আহ্বান জানান তিনি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা