আজিজুর রহমান শাহীন পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পানছড়ি উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক অবদান, সাংগঠনিক ত্যাগ ও দলের প্রতি তাঁদের নিবেদিত ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আয়োজকদের দাবি, খাগড়াছড়ি জেলায় এ ধরনের আয়োজন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুল রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম।
অনুষ্ঠানে পানছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করা হয়। তাঁদের রাজনৈতিক অবদান, সাংগঠনিক ত্যাগ ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পরে প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে প্রয়াত নেতাকর্মীদের ত্যাগ ও অবদান বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, রাজনৈতিক ভূমিকা ও সাংগঠনিক অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের কাছে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম কোম্পানি।
প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এ আয়োজন তাঁদের রাজনৈতিক অবদান ও ত্যাগের প্রতি সম্মান জানানোর পাশাপাশি দলের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।