বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিলাসবহুল জীবনযাপন ও দামি গাড়ির প্রতি ভালোবাসার কথা অনেকেরই জানা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের জন্যও বরাবর আলোচনায় থাকেন তিনি। এবার তার গাড়ির সংগ্রহে যুক্ত হলো নতুন এক সংযোজন। ‘বিএমডব্লিউ আই৭’ ইলেকট্রিক সেডান কিনেছেন এই অভিনেতা। গাড়িটির দাম দুই কোটি রুপিরও বেশি। মুম্বাইয়ের শোরুম থেকে নতুন গাড়ির ডেলিভারি নিয়ে নিজেই সেটি চালিয়ে বাড়ি ফিরেছেন রণবীর।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ২০২৬ সালের ‘বিএমডব্লিউ আই৭’র এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১ কোটি ৯৫ লাখ রুপি থেকে। মডেল ও সংস্করণভেদে এই দাম ২ কোটি ৬৫ লাখ রুপি পর্যন্ত পৌঁছেছে। তবে রণবীর ঠিক কোন সংস্করণের গাড়িটি কিনেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি বিএমডব্লিউ ইন্ডিয়া রণবীর সিংকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে। একই সময়ে ভারতের বাজারে এসেছে সংস্থাটির নতুন ৭ সিরিজ ও আই৭ মডেল। ফলে অভিনেতার নতুন গাড়ি কেনার খবর ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
তবে নতুন গাড়িটি বিএমডব্লিউর পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রণবীর নিজের অর্থেই গাড়িটি কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা