শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকসহ মুখে আঘাত পান তিনি।
পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করান এই অভিনেত্রী। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন উর্বী। তবে নাক ভাঙেনি বলে জানিয়েছেন তিনি।
গতকাল শুটিংয়ের এই ভয়ংকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তুলে ধরেছেন প্রিয়ন্তী উর্বী। তিনি জানান, মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটিতে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য ডিওপি বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে উর্বী লেখেন, ‘এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা