ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে জয়পুরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তবর্তী সকল গুরুত্বপূর্ণ সড়ক ও পথে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলা শহরেও বিজিবির টহল জোরদার করা হয়েছে। এ সময় সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং যাতায়াতকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় যেন কোনোভাবেই অপরাধীরা পালিয়ে যেতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
