জামালপুরে বুধবার (১৪ অক্টোবর) থেকে মাঠ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ। জেলার নির্দিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নগুলোতে এ তথ্য সংগ্রহের জন্য মোট ৯৪৩ জন প্রশিক্ষিত তথ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মোট সদস্য সংখ্যা, আনুমানিক আয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
এর আগে সোমবার (১২ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে করেন জেলা প্রশাসক ইউসুফ আলী,
তিনি জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তথ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরে সেগুলো যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জামালপুর সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু ইলিয়াস মল্লিক জানান, মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। স্বচ্ছতা ও সঠিকভাবে তথ্য নিবন্ধনের লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে।
উপকারভোগীদের সঠিক তালিকা তৈরি ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোহাম্মদ বিজয়
জামালপুর প্রতিনিধি
