বাংলা আধুনিক গানের নতুন ধারার প্রবর্তক, সঙ্গীতের যাদুকর হাবিব ওয়াহিদ—যিনি বাংলা গানে এনেছেন এক অনন্য বিপ্লব। বাংলা লোকগীতির ফিউশন, টেকনো সাউন্ড ও শহুরে বিটের সুনিপুণ মেলবন্ধনে তিনি জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়।
এক প্রথিতযশা সঙ্গীত পরিবারের সন্তান হাবিব। তাঁর বাবা কিংবদন্তি পপ শিল্পী ফেরদৌস ওয়াহিদ, আর বড় চাচা স্বনামধন্য সঙ্গীতশিল্পী খসরু ওয়াহিদ। তাঁদের আদি নিবাস মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামে। তাঁর পিতামহ ওয়াহিদ মৃধা ছিলেন দেশের লঞ্চ ব্যবসার অন্যতম পথিকৃৎ এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রথম কোল্ড স্টোরেজ “ওয়াহিদ কোল্ড স্টোরেজ”-এর প্রতিষ্ঠাতা।
২০০৩ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘মায়া’ প্রকাশের মাধ্যমে বাংলা গানের জগতে ঝড় তোলেন হাবিব। গানের বাজার যখন মৌলিকতা হারিয়ে ধুঁকছিল, তখন তাঁর আগমন যেন এক স্বপ্নের মতো। নতুন সাউন্ড ডিজাইন, ভিন্ন ধারার কথা ও সুরের গান দিয়ে তিনি বদলে দেন সমগ্র মিউজিক ইন্ডাস্ট্রির ধারা।
‘মায়া’, ‘শোন রে’, ‘ক্রেজি হৃদয়’, ‘অবলম্বন’, ‘আহা রে’— একের পর এক হিট অ্যালবাম তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে।
চলচ্চিত্রেও তাঁর সঙ্গীত সমানভাবে সফল। ‘হৃদয়ের কথা’ ছবিতে তাঁর গাওয়া “ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে” গানটি আজও বাংলার ঘরে ঘরে বাজে।
অডিও গানের পাশাপাশি বিজ্ঞাপনের জিঙ্গেলেও তিনি অঘোষিত সম্রাট।
আজ তিনি শুধু একজন গায়ক বা সুরকার নন, বরং নতুন প্রজন্মের কাছে এক প্রেরণার প্রতীক, এক মিউজিক আইকন।
ব্যক্তিজীবনে হাবিব ওয়াহিদ বিবাহিত এবং এক পুত্রসন্তানের জনক। তাঁর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
বাংলা গানের জগতে তোমার সুর, তোমার যাদু—
চিরকাল ছড়িয়ে থাকুক অনুপ্রেরণার আলোয়।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা